ঢাকা–চটগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম–১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন চেয়ারম্যান।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমিল্লা থেকে মিরসরাই আসার পথে ফেনীর মহিপাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত এমপিকে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান নিজাম উদ্দিন।
তিনি বলেন, ‘এমপি সাহেব আহত হয়ে আমাদের হাসপাতালে আসেন৷ তার মাথায় আঘাত রয়েছে। তবে ধারণা করছি আঘাতটি মারাত্মক নয়। সিটি স্ক্যান করলে আঘাতের ব্যাপারে জানা যাবে।’
প্রাথমিক চিকিৎসা নিয়ে নুরুল আমিন বাসায় চলে গেছেন বলেও জানান তিনি।
নুরুল আমিনের সঙ্গে থাকা বিএনপির নেতারা জানিয়েছেন, সংসদ সদস্যকে বহনকারী গাড়ির সামনে একটি মোটরসাইকেল চলে আসে। ওই মোটরসাইকেলের আরোহীকে বাঁচাতে গিয়ে এমপির গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা খায়।
দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিন মাথায়, কপালে ও কোমরে আঘাত পেয়েছেন।


