জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ সদস্যের দেওয়া বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশের বিষয়টি সংসদকে অবহিত করেন।
স্পিকার বলেন, চলতি অধিবেশনে এ পর্যন্ত মোট ছয়টি বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ পাওয়া গেছে। এর মধ্যে চারটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। বাকি দুটি নোটিশের সিদ্ধান্তও তিনি অধিবেশনে তুলে ধরেন।
রাশেদুল ইসলাম রাশেদ উত্থাপিত নোটিশে বলা হয়, সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ার ঘটনাও নজরে এসেছে।
এসব অবকাঠামোগত ত্রুটি সংসদ ভবনের নিরাপত্তা, কার্যকারিতা ও মর্যাদার জন্য উদ্বেগজনক। আরও বলা হয়, দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদ। এর অবকাঠামোগত নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নোটিশ সম্পর্কে সংসদকে অবহিত করে বিষয়টির গুরুত্ব তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট বিষয় হওয়ায় কার্যপ্রণালী বিধির ৫৪(৩) ধারা অনুযায়ী নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্ন হিসেবে গ্রহণ করা সম্ভব নয় বলেও জানান স্পিকার।


