প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা।
সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের দানের অর্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত সিলগালা করা তিনটি বড় ডেগ খোলা হয়।
গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থীরা। মাজারের ইতিহাসে এর আগে কখনো এভাবে প্রকাশ্যে দানের অর্থ গণনার নজির ছিল না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে সম্প্রতি উদ্যোগ নেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার এ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এর মধ্যেই গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়।
জেলা প্রশাসক প্রত্যাহারের ঘটনায় সিলেটজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে সারওয়ার আলমকে সিলেটে বহাল রাখার দাবিতে আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
সোমবারের গণনা কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গণনা শেষে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে। পরবর্তীতে এ অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
তবে গণনা কার্যক্রম চলাকালে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।


