সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে, এমন অভিযোগ তুলে নিহতের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করেন স্থানীয়রা।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে পাটধারী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধারের জন্য হাটিকুমরুল হাইওয়ে থানায় একাধিকবার ফোন করা হয় বলে দাবি করেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, খবর দেওয়ার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আসায় আহত চালককে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে তার মৃত্যু হলে ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ মহাসড়কে রেখে অবরোধ শুরু করেন।

আরও পড়ুন

একজন অবরোধকারী বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়েছিল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া গেলে চালককে হয়তো বাঁচানো যেত। এ ঘটনার সুষ্ঠু জবাব না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান তিনি।

অবরোধের কারণে পাবনা-নগরবাড়ি মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, ‘জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত চালকের পরিচয় শনাক্ত করা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad