জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াক আউট করেছে বিরোধী দল। সংসদে পাশ হওয়া কয়েকটি বিলকে গণবিরোধী উল্লেখ করে সংসদ থেকে ওয়াক আউট করেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধীদলীয় জোট।
বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াক আউট করছি।’ পরে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান তিনি।
এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াক আউটের কোনো মানে আছে কি না। সমস্ত প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন ‘
স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল—এসব প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় বিরোধী দলের আপত্তি রয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিরোধী দল ওয়াক আউট করে।


