পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। শুক্রবার শেরানি জেলার দানাসার এলাকায় শেরানি-ঝোব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ডনের খবরে বলা হয়, ‘নিউ মেখতার’ পরিবহনের বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে চিকিৎসার জন্য ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শেরানির ডেপুটি কমিশনার হজরত ওয়ালি কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীদেরও এ বাসে তোলা হয়। ফলে দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রীর সংখ্যা বেড়ে যায়।
দুর্ঘটনার পরপরই বড় আকারের উদ্ধার অভিযান শুরু হয়। এতে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন চিকিৎসক এবং ১০ জন হালকা পরিবহনযানের চালক অংশ নেন। উদ্ধারকাজে রেসকিউ ১১২২, ফ্রন্টিয়ার কোর, পুলিশ, জেলা প্রশাসন এবং খাইবার পাখতুনখোয়া থেকে আসা অতিরিক্ত উদ্ধারকর্মীরা যৌথভাবে কাজ করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। তবুও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


