ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।
এদিকে, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছেন সরকারদলীয় সাংসদরা।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে সংসদ নেতা স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী মনোনয়ন দেবেন। কে এই দুই পদে থাকবেন তা বৃহস্পতিবার জানা যাবে, যোগ করনে তিনি।


