মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে গাড়ির ওভারটেক করাকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা একটার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে গাড়ি দুটির চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের চালকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌমুহনীসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন থেকে চার ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল চারটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দোকানপাট খুলে যায়। তবে সংঘর্ষের জেরে উত্তপ্ত শ্রীমঙ্গলে নতুন করে নাশকতার আশঙ্কায় শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’


