গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সৌদিফেরত বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত আড়াইটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এনামুল হক মোল্লা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।

স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লার নামে একাধিক মামলা রয়েছে। তাই ২০১৭ সালে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন পরিচয়ে সৌদি আরবে যান তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।
সম্প্রতি তিনি মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সবখানে পোস্টার টানিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ ও প্রচারণা চালায়।
বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত গাজীপুর-৩ আসনের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। ২০০১ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগী ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান এবং একটি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


