পরিবহন শ্রমিকদের ওপর হামলার অভিযোগে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে আইদি ও বোগদাদন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাঁদপুর-কুমিল্লা রুটের যাত্রীরা। তবে দেশের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বিক্ষুব্ধরা জানান, বুধবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং প্রায় ১০ জন শ্রমিককে মারধরে আহত করে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
তারা জানান, দুই পরিবহনের বেশ কয়েকটি বাস স্কুল মাঠে থামিয়ে রাখা হয়েছিল।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি প্রশাসন জানতে পেরেছে। খুব দ্রুত সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।


