গুজব, অপতথ্য ও ডিপফেকের এই সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাত দিনব্যাপী ‘এআই পাওয়ার্ড জার্নালিজম: অপরচুনিটিস, রিস্ক অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভর এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।’ তিনি তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ সদস্য অংশ নেন। কর্মশালাটি আয়োজন করে ডিআরইউ, সহযোগিতায় ছিল এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, এআই-এর ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের ব্যবহারই রয়েছে। তাই সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি।
ডিআরইউয়ের তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততার কারণেই সাত দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সদস্যদের জন্য আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে।
গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান ভিডিও বার্তায় বলেন, ফেক নিউজ ও ভুয়া ভিডিওর এই সময়ে বিশ্বস্ত সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। তাই সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
সাত দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও ও নোটবুকএলএমসহ বিভিন্ন আধুনিক এআই টুলের ব্যবহার শেখানো হয়। পাশাপাশি কার্যকর প্রম্পটিং, ডেটা সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ, অনুসন্ধানী সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, ফ্যাক্ট-চেকিং ও ডিপফেইক শনাক্তকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।


