শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রর জামিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার সকালে সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।
জানা যায়, শ্রম আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত ১১টায় ভবনটিতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নানা রকম চেষ্টা করেন। পরে বুধবার সকালে পুলিশ তাকে আটক করে।
একই মামলায় আত্মসমর্পণ করা আরও তিনজনের জামিন আবেদনও মঞ্জুর করেছে আদালত।


