ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইলের বড্ডাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য সরাইল বাজারে যান তারা। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


