জামালপুর-টাঙ্গাইল-শেরপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার সকালে দেড় ঘণ্টার জন্য জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় এই অবরোধ চলে। এ অবরোধে শেরপুর ও টাঙ্গাইলমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিক্ষোভে উপস্থিত শ্রমিকরা অভিযোগ করেন, গত ১৮ অক্টোবর বিকালে মেলান্দহ থেকে জামালপুরে ফেরার পথে বিটিভির ক্যামেরা পারসন রবিন মাহমুদের মালিকানাধীন ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারের সঙ্গে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়নের প্রাইভেট কারের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের দাবিতে খায়রুল ইসলাম লিয়ন ভাড়ায় চালিত গাড়িটি ১২দিন ধরে আটকে রাখার পাশাপাশি চালককে মারধর করেন বলেও অভিযোগ তাদের।
জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান বলেন, ‘আমরা খুব দ্রুতদম সময়ের মধ্যে ভাড়ায় চালিত প্রাইভেট কারটি ফেরত চাই এবং গাড়ি আটকে রাখার কারণে লিয়নকে গ্রেপ্তার করতে হবে।’
এর সঙ্গে গাড়িটি এতদিন বসে থাকার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা লিয়নকে দিতে হবে বলেও দাবি করা হয়।
এ সময় দ্রুত গাড়ি ফিরিয়ে না দিলে এবং দায়ীদের গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
খায়রুল ইসলাম লিয়ন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটি তার বন্ধু খোকনের।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এবং সদর থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন প্রমুখ।


