ফরিদপুর শিশু শিক্ষার্থী আইরিন আক্তার কবিতাকে ধর্ষণের চেষ্টা ও তাকে হত্যা করে লাশ গুম করার মামলার প্রধান আসামি ইসরাফিল মেধাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
লাশ গুমে জড়িত এক নারীসহ আরও দুইজনকে আটক করা হয়। এ বিষয়ে শুক্রবার বেলা ১২ টার দিকে কোতোয়ালি থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির।
তিনি বলেন, লাশ উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যেই এই মামলার মূল আসামিসহ সবাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া প্রধান আসামি ইসরাফিল আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দেবে বলেও তিনি জানান।
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশের একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
শিশু আইরিন আক্তার উপজেলা সদরের গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বোনের মধ্যে সবার ছোট ছিল সে।


