রাজধানী ঢাকার শ্যামপুরে প্রাইভেটকারের ধাক্কায় আবুল বাশার (৭০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুল বাশারের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার এলাকায়। বর্তমানে তিনি শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকাতেই বাস করতেন এবং সেখানে একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী মো. আলআমিন জানান, রাতে আবুল বাশার শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন প্রাইভেটকারটি জব্দ করেন বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।


