শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজের দু’দিন পর নদীতে মরদেহ

শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজের দু’দিন পর নদীতে মরদেহ
Advertisement
Advertisement

পাবনায় শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাহিদ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা।

আরও পড়ুন

সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারে দেয়া তথ্য অনুযায়ী জাহিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে নগরবাড়ি নৌ পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে বলে জানান তিনি।

নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad