ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সীমান্তে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরি্স্থিতি নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি করে দায়িত্ব পালন করবে। ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোন কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে।
বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।


