দেশের বাজারে আপাতত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, এলপিজির দাম আগের জায়গায় যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বর্তমান বাজার মূল্য ও সরবরাহ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন মন্ত্রী। সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, সভায় সেক্টর সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। সরকার চেষ্টা করবে সামনের দিনগুলোয় যতটুকু সম্ভব সেসব সমস্যার সমাধান করে ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারেন তার ব্যবস্থা করতে।
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে কিনা সে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে মন্ত্রী বলেন, ‘না, না। এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নেই।’
সেক্ষেত্রে দাম আগের জায়গায় যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগের জায়গায় আসবে। সভায় আমদানি পর্যায়ে মূল্যের ক্ষেত্রে যারা আমদানিকারক তারা কতগুলো যুক্তি উত্থাপন করেছেন। যেটি তাদের ব্যবসা সচল রাখার প্রয়োজনে প্রাইস রিভিউ করার কথা তারা বলেছেন। এটি হচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে। এটি কোনো মুখের কোন কথা না। তথ্য উপাত্তের ভিত্তিতে যদি তাদের কথাটা সমর্থনযোগ্য হয়, বিবেচনাযোগ্য হয় তাহলে সেটা তো বিবেচনা করতেই হবে। কেউ তো আর লোকসান করে ব্যবসা করবে না।’
সভায় আমদানিকারক বা যাদের বোটলিং প্লান্ট আছে তারা উপস্থিত ছিলেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খুচরা পর্যায়ের বিক্রেতারা অনেক সময় পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এটির সঙ্গে আমদানীকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন সেজন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াব।’
আগামী দিনে যেন এলপিজির সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকে এবং খুচরা পর্যায়ে ভোক্তা পর্যায়ে কোন ধরনের অসহনীয় পরিস্থিতি সৃষ্টি না হয়, বাজার স্থিতিশীল থাকে সেই উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলেও জানান বাণিজ্যমন্ত্রী।


