শেরপুরের শ্রীবরদীতে সিএনজিচালিত অটোরিক্সা ও মাইক্রোবাসের সংঘর্ষে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের আট সদস্য আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর থেকে শ্রীবরদীতে নোহা মাইক্রোবাসে বিশেষ অভিযানে যাচ্ছিল ডিবির একটি দল। এ সময় ভারেরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং গাড়ীতে থাকা আট পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই শেরপুর জেলা পুলিশের ডিবি সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলছে। এতে এক পাশের রাস্তা খোঁড়া ও অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। ফলে ওই স্থানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম খান বলেন, ‘আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসাথে খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারে কাজ চলছে।’


