ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ জন শিশুশিক্ষার্থীর সঙ্গে আড্ডা দিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুলশানের লেকশোর হোটেলে এই আড্ডা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান মুনিয়া এ আয়োজন করেন।
আয়োজক সূত্র জানায়, শুরু থেকেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন জাইমা রহমান। তিনি প্রতিটি শিশুর ইচ্ছার কথা শোনেন। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন। এ সময় জাইমা রহমান নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। শিশুরা রান্না করতে পারে কি না, জানতে চান? কয়েকজন শিশু ‘হ্যাঁ’ বললে তাদের এলাকায় গেলে কী খাওয়াবে, তা জানতে চান তিনি। শিশুরা বিরিয়ানি খাওয়ানোর কথা বললে জাইমা রহমান বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলে, ‘আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রী কন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন ভাবতে পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে বলেছেন।’
সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে শিশুরা ভালো সময় কাটিয়েছে। তিনি প্রতিটা শিশুকে কাছে ডেকে কথা শুনেছেন। নিজের জীবনের গল্প শুনিয়েছেন, অনেক স্বপ্নের কথা বলেছেন।’
আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে আলোচনায় বসতে পেরে শিশুরা অনুপ্রাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও আনন্দিত। তিনি শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘আমরা আশা করিনি প্রধানমন্ত্রীর কন্যা এত বেশি সময় দেবেন, সব শিশুর কথা শুনবেন। বিষয়টি শিশুদের খুব অনুপ্রাণিত করেছে।’


