সরকার সারাদেশে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ডাকসুতে নির্বাচিত নেতাদের ওপর ছাত্রদল হায়েনার মতো আক্রমণ করে নির্যাতন করেছে। চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা, ঈশ্বরদীতে ছাত্রদল শিবিরের ওপর নৃশংস হামলা করেছে।
শুক্রবার দুপুরে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের একটি অডিটরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবিরের বিরুদ্ধে মিথ্যা ফটোকার্ড দিয়ে, অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা শিবিরকে গুপ্ত বলেন? শিবির গুপ্ত নয়। যারা ১৭ বছর পর বাইরে থেকে দেশে ফিরেছেন তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে যিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনিই গুপ্ত। যারা ১৭ বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি তারাই গুপ্ত।’
তিনি বলেন, ‘শিবিরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, আপনারা গুপ্ত বলে, রগকাটা বলে অপপ্রচার চালালেও সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে।’
সরকার নোট অব ডিসেন্ট নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন, ‘তারা জুলাই সনদে স্বাক্ষর করেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট তৈরি করেছেন। এই সংকট তাদেরই মোকাবেলা করতে হবে। ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক সংকট ও আবার রক্ত ঝরার দিন থেকে দেশকে বাঁচাতে চাইলে জুলাই সনদকে সাংবিধানিক আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। যতক্ষণ তা না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম সংসদেও চলবে রাজপথেও চলবে।’
জাতীয় নির্বাচনের ফলাফল প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। সাবেক একজন প্রভাবশালী উপদেষ্টা নিজেই গণমাধ্যমকে সেই কথা বলেছেন।’
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দল একাত্ম হয়ে কাজ করবে বলে জানান তিনি। আগামী ২৫ এপ্রিল দেশের সকল মহানগরে ও ২ মে সকল জেলা শহরে ১১ দলীয় জোটের ব্যানারে গণমিছিলে যোগ দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।


