শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বাংলাদেশ প্রতিনিধি সিমোন পার্চমেন ও তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি ।
এ সময় সরকারের ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা। দেশের শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন আলোচকরা।
উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে “মিড ডে মিল” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি মনে করেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ।’
এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ ছাড়াও বৈঠকে ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মনিটরিং ও সুপারভিশন জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরো সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন উপস্থিত ছিলেন।


