ঈদুল আজহা উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।
ঈদের দিন তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন আবাসিক হলে খাবার বিতরণ করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কর্মসূচির অংশ হিসেবে ঈদের ছুটিতে ক্যাম্পাসে দায়িত্ব পালন করা আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়।
খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর মো. নান্নুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ এবং বিভিন্ন আবাসিক হলের হাউস টিউটররা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঈদের আনন্দ শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ভাগাভাগি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।


