রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে ওরস চলাকালে হামলার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন তিন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তারিকুর রহমান। এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়েছে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত বৃহস্পতিবার রাতে হামলা হয় শাহ আলী মাজারে। ওরস চলাকালে লাঠিসোঁটা দিয়ে মারধর করে কিছু লোক। এ ঘটনায় শনিবার মামলা করেন রেসমি বেগম। হামলার সঙ্গে ৩০ হাজার টাকার ক্ষতিসাধন ও ৯০ হাজার টাকা লুট করার অভিযোগ আনা হয়েছে মামলায়। এতে আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।


