কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হজ এসেন্সিগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না।’
বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই এমন ব্যক্তিদেরকে হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদের হজে না নেওয়ার জন্য এজেন্সিগুলোকে অনুরোধ করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘২০২৫ সালে আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬ সালের হজ গতবারের চেয়ে আরো উন্নত হবে।’
হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, হ‘জ ও ওমরাহ ফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে হজ এজেন্সির সাথে হজ গমনেচ্ছুক ব্যক্তিদের পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে। ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের সামর্থ্য অনুসারে হজ প্যাকেজ বাছাই করতে পারবেন।’
হাবের সঙ্গে মন্ত্রণালয়ের কোনও বিরোধ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা ও ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা হজযাত্রীদের স্বার্থে একসাথে কাজ করে যাব।’
অনেক এজেন্সি হজযাত্রীদের ব্যাগে মাদকদ্রব্যসহ সৌদি আরবের অননুমোদিত দ্রব্য নিয়ে যায় এমন অভিযোগ করে উপদেষ্টা বলেন, ‘অনেকে দেশে ফেরার সময় হাজীদের মাধ্যমে অবৈধভাবে সোনা নিয়ে আসেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।’
এ জাতীয় কাজ থেকে বিরত থাকতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানান তিনি।
হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের কাছ থেকে সাবধান থাকতে সবার প্রতি অনুরোধ জানান উপদেষ্টা।
তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪ টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বাংকসগুলো মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলগুলোয়।
আগামী শনিবার বিকালে শেষ হবে এই আয়োজন।


