শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন তিনি। তার সঙ্গে সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন রয়েছেন।
তার ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চেকআপ করাবেন।
এর আগে, ২০২৪ সালের ২৭ জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে ২৭ জুন সিঙ্গাপুরের ওই হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেন খন্দকার মোশাররফ হোসেন।
পরবর্তীতে আবার অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর তাকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে আবারও তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান তিনি।


