দীর্ঘ দেড় দশকের পথচলায় ‘পর্যালোচনার পত্রিকা’ স্লোগানকে ধারণ করে অনন্য এক মাইলফলক স্পর্শ করল সাহিত্য ও চিন্তার সাময়িকী ‘বিবিধ’।
মার্চ ২০২৬ সংখ্যাটির মাধ্যমে পত্রিকাটি তার ১০০তম সংখ্যা প্রকাশের গৌরব অর্জন করেছে। এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে এক প্রাণবন্ত উদযাপন আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, চিন্তক, রাজনীতিক ও সংবাদকর্মীসহ পত্রিকার অসংখ্য শুভানুধ্যায়ী। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য যে, ২০১১ সালের মে মাসে ‘বিবিধ’র প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল। সূচনালগ্ন থেকেই পত্রিকাটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে গভীর বিশ্লেষণধর্মী ও পর্যালোচনামূলক লেখা প্রকাশের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক মহলে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বিরতিহীনভাবে প্রকাশিত হয়ে আসছে এর প্রতিটি সংখ্যা।
শততম সংখ্যা প্রকাশের এই বিশেষ আড্ডায় উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম।
এ ছাড়া সাহিত্য ও মননশীলতার এই আয়োজনে শামিল হয়েছিলেন কবি মজিদ মাহমুদ, কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও প্রকাশক আফজালুল বাসার, প্রাবন্ধিক রাশেদ রাহম, কবি জহির হাসান এবং প্রাবন্ধিক ফকরুল চৌধুরী।
অনুষ্ঠানে আগত অতিথিরা ‘বিবিধ’ পত্রিকার এই দীর্ঘ যাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং একটি সুস্থ ধারার বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে এ ধরনের প্রকাশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পত্রিকার সম্পাদক ইকতিজা আহসান সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও ‘বিবিধ’র এই পর্যালোচনামূলক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


