দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া যেন আনন্দময় ও উৎসবমুখর হয়ে ওঠে, সেই লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং শিক্ষার্থীরা যাতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে পারদর্শী হয়ে উঠতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আধুনিকায়নে সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য, যোগ করেন তিনি।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।


