রাজধানীর রায়েরবাগ এলাকায় অটোরিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে কদমতলীর রায়েরবাগ পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকায়। শিশুটির বাবার নাম নুর আলম খান।
হাসপাতালে শিশুটির নানি মর্জিনা বেগম জানান, তিনি কদমতলীর রায়েরবাগ বাজার এলাকায় থাকেন। তাকওয়ার মা কান্তা আক্তার তিন সন্তানকে নিয়ে সকালে তার বাসায় বেড়াতে আসেন। বিকালে নানি, মা ও দুই বোনের সঙ্গে বাইরে বের হয় তাকওয়া।
একপর্যায়ে ললিপপ খাওয়ার জন্য নানির কাছে আবদার করলে তিনি তিন বোনের জন্য ১৫ টাকা দেন। সেই টাকা নিয়ে দৌড়ে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাকওয়া। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।


