লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও মার্কিন দূতাবাস বিষয়টি জানিয়েছে।
এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে হুমায়ুন কবীরকে ফোনে পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।
এর আগে ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়। লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা। তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই সময় জানিয়েছিলেন, তাদের মধ্যে একান্তে এই বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন।
লন্ডনের ওই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।


