রেহানা পরিবারের তিন মামলায় আরও ১৩ জনের সাক্ষ্য

রেহানা পরিবারের তিন মামলায় আরও ১৩ জনের সাক্ষ্য
বাম থেকে শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন মামলায় আরও ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তাদের মধ্যে তিনজন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট।

রোববার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ১৬, ২৩ ও ২৫ নভেম্বর পৃথক তিন মামলায় তদন্তকারী কর্মকর্তা ও বাদীর জেরা করার তারিখ নির্ধারণ করেছেন।

এদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় একমাত্র গ্রেপ্তার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খোরশেদ আলমকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে পৃথক তিন মামলায় এখন পর্যন্ত মোট ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সাক্ষীরা হলেন–সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন, রাজউকের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান লায়লা নূর বিশ্বাস, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়া, রাজউকের সাঁট মুদ্রাক্ষরিক কাম অপারেটর মো. জাকির হোসাইন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মো. জহিরুল ইসলাম খান, রাজউকের উপসচিব তানজিলুর রহমান, দুদকের কনস্টেবল আজহারুল ইসলাম, ঢাকার সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, গাজীপুরের সাব-রেজিস্ট্রার সোহেল রানা, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ও হাসিবুজ্জামান।

এদিকে, রাজউকের সদস্য খোরশেদ আলমের জামিনের আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। আদালতে তার পক্ষের আইনজীবী শাহিনুল ইসলাম আবেদনটি উপস্থাপন করেন।

গত ৩১ জুলাই এ তিন মামলায় চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। চার্জগঠন শুনানির সময় তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জন; আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।

প্লট বরাদ্দ সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথক ৬টি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেকে আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad