সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৫ জন রোগী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা হলো–বরিশাল বিভাগে ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে ২৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ৫৪৩ জনে।
গত ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গু ছিল আরও প্রাণঘাতী। ওই বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং এতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।


