নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে একজন বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার মিঠাবো (মাছুমাবাদ) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভুঁইয়া এবং তার দুই ছেলে জুম্মন ও সুমন ভুঁইয়া।
জুম্মন ভুঁইয়া বলেন, ‘স্থানীয় যুবদল নেতা মুরাদুল ইসলাম মুরাদ ও শহিদুল ইসলাম অঞ্জনের আশ্রয়ে সোহেল ভূঁইয়াসহ কয়েকজন আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে গত সোমবার রাত ১০টার দিকে সোহেল, তুষার, সাদ্দাম ও রোমানসহ ২০ থেকে ২৫ জন আমাদের মুদি দোকানে হামলা চালান। তারা দোকানে ভাঙচুর ও লুটপাট করেন। আমার বাবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। আমাকে ও ছোট ভাইকে পিটিয়ে আহত করেন।’
এ বিষয়ে অভিযুক্ত সোহেল ভুঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


