বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় অবৈধভাবে মজুত করা প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার তারাবো কাজীপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করা হয়। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বিষয়টি জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে নারায়ণগঞ্জ উপজেলার তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজু ও খোরশেদ নামের দুই ব্যক্তির মালিকানাধীন একটি গুদাম থেকে দুই হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযানকালে দেখা গেছে, স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুদ, বোতলজাত এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামের স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক। তিনি তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন। জব্দ করা তেল এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।


