বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে হওয়া বিভাগীয় মামলা তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের মতামতও নেওয়া হয়েছে।
বরখাস্তের এই আদেশটি গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেব সিলেটের গণপূর্ত উপ-বিভাগ-২ এ কর্মরত ছিলেন। সে অবস্থায় কানাডায় বসবাসরত অসুস্থ বোনের সঙ্গে দেখা করতে গত ২৭ ফেব্রুয়ারি কানাডা যান। এজন্য ১৫ দিন ছুটি নেন তিনি।
কিন্তু ছুটি শেষেও তিনি কাজে ফেরেননি। এমনকি তিনি কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশেরও জবাব দেননি। পলে গত ১৩ মার্চ থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এই কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে চাকরি থেকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।


