অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণা’র আলোকে রাষ্ট্র সংস্কার ও বাংলাদেশকে একটি ‘নতুন বাংলাদেশ’-এ রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, ‘জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। যারা দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন, তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।’
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটরিয়ামে আয়োজিত ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি মন্তব্য করেন, একসময় গোটা দেশই অন্ধকারে বন্দি ছিল, এখন সেই অন্ধকার কাটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানটি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রচ্ছদ প্রকাশন যৌথভাবে আয়োজন করে।
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও দমন–নিপীড়নের শিকারদের জন্য ন্যায়বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীরা বিচারের মুখোমুখি হবে এবং ভুক্তভোগীরা অন্যায়ের অবসান দেখতে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই ঘোষণার চেতনার প্রতি গুরুত্ব দিয়ে আদিলুর রহমান বলেন, ‘নতুন বাংলাদেশের দিকে এই যাত্রা একটি চলমান সংগ্রাম।’
তার মতে, ফ্যাসিবাদ পরাজিত হলেও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
সেমিনারে ডাকসু ভিপি সাদিক কায়েম, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, ‘আয়নাঘর’ ভুক্তভোগী আবদুল্লাহ আমান আজমি ও অন্যান্য ডাকসু নেতারা বক্তব্য দেন।


