রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেও সেই ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।
রোববার সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধীদলীয় বন্ধুরা সেই ভাষণ শুনতে চাননি, তারা চলে গিয়েছেন। ভালো কথা, কিন্তু সেই ভাষণের ওপর আলোচনার জন্য তারা ৫০ ঘণ্টা বরাদ্দ করার প্রস্তাব করেছেন। যদি রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হয়, তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব, একে আমরা এপ্রিশিয়েট করি।’
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকে ওয়াকআউট করে জামায়াতসহ বিরোধীদলীয় জোট।
কেন ওয়াকআউট করলেন তা পরে সাংবাদিকদের ব্যাখ্যা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘প্রথম কারণ হচ্ছে, তিনি (রাষ্ট্রপতি) সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসকগোষ্ঠীর প্রতিবাদ করেননি। তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক। অভিভাবক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি।’


