রামুতে ইউপি সদস্য অপহরণ, মুক্তিপণ দাবি

রামুতে ইউপি সদস্য অপহরণ, মুক্তিপণ দাবি
অপহরণ করে নিয়ে যাওয়া ইউপি সদস্য। ছবি: টাইমস
Advertisement
Advertisement
কক্সবাজারের রামুতে ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুস্তম আলীকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত বাহিনী। বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রুস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড়ে যাচ্ছিলেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী হামিদুল হক টাইমস অব বাংলাদেশকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপহৃত ইউপি সদস্যের পরিবারের কাছে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনরা জানিয়েছেন। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।’
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘অপহরণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধারে এর মধ্যে অভিযান শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রুস্তম আলীকে অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এলাকাটি দুর্গম ও পাহাড়ি হওয়ায় অভিযান পরিচালনা করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে, তাকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে ঈদগাঁও-ঈদগড় সড়কে চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad