রামুতে অবৈধ অস্ত্র তৈরির কারখানা, বিপুল সরঞ্জাম জব্দ

রামুতে অবৈধ অস্ত্র তৈরির কারখানা, বিপুল সরঞ্জাম জব্দ
অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে জব্দ করা সরঞ্জাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার ঈদগড় ইউনিয়নের আবু আহমেদ ঘোনা ফাতেমার ছড়ার গহীন পাহাড়ি এলাকায় রামু থানা ও ঈদগড় ফাঁড়ি পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযানটি পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, অভিযানে দুইটি তাজা রাইফেলের গুলি, চারটি শর্টগানের খালি খোসা, দুইটি বন্দুকের বাট, তিনটি বন্দুকের ট্রিগার বক্স, ছয়টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, একটি হাওয়ার মেশিন, দুইটি বাটাল, পাঁচটি আড়ি ব্লেড, একটি আড়ি ব্লেডের ফ্রেম, একটি করাত, একটি হাতুড়ি, একটি প্লাস, সাতটি ছোট-বড় রেথ, একটি শান দেওয়ার মেশিন ও একটি বানানো নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রামু উপজেলার ঈদগড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের একটি বড় অংশ স্থানীয়ভাবেই তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad