শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারে আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চাওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আমাদের প্রত্যাশা।’
তিনি আরও বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়।’
মন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।


