রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত আটটার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
সংঘর্ষে জড়িত দুটি পক্ষের মধ্যে একপক্ষ হলেন নগরীর হোসেনীগঞ্জ মহল্লার মমিনুল ইসলাম মোনা এবং অপরপক্ষ ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রাশেদুল হাসান পারভেজ।
সূত্র আরো জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে এমন কথাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এসময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যান। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


