রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর চূড়ান্ত ভাষ্য বৃহস্পতিবারই পাঠিয়ে দেওয়া হবে। তার মতে, এ সনদে সবার মতের প্রতিফলন ঘটানো হয়েছে।
বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন আলী রীয়াজ।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আগামী শনিবার বিকাল ৫টার মধ্যে দু’জন ব্যক্তির নাম পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন,‘সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো বাস্তবায়নের জন্যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। এছাড়া সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রনয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পার ‘
সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এরই মধ্যে অধ্যাদেশ জারি ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
আগামী রোববার দুপুরে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।


