রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৭০ ও ৫৫ বছর বলে জানা গেছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায় জানান, খবর পেয়ে এদিন বিকালে মগবাজার দরবার শরীফের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন মাজারে ভাসমানভাবে বসবাস করতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে, শ্যামপুর থানার এসআই মো. শাহাদত হোসেন জানান, বিকালে খবর পেয়ে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্পের পাশ থেকে অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।


