রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় গণধোলাইয়ে তৌফিকুল ইসলাম বাবু (২৬) নামে এক যুবক মারা গেছেন। তিনি শহীদনগর এলাকার ইউনুস খানের ছেলে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যান সেনা সদস্যরা। এ সময় তাকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, অভিযোগ রয়েছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় ওই যুবককে ধরে গণধোলাই দেন স্থানীয়রা। পরে আজিমপুর সেনা ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেনা সদস্যরা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তফা বলেন, ‘বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।
‘নিহত যুবকের নামে লালবাগ থানায় মাদকসহ আট-দশটি মামলা রয়েছে। তিনি এলাকায় কিলার বাবু, টেরা বাবু নামে পরিচিত,’ যোগ করেন ওসি।


