সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত শঙ্কামুক্ত রয়েছে। এরই মধ্যে তার চিকিৎসার জন্য হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপের জন্য উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সেখানে উপস্থিত হন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রোববার রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে তিনি “শঙ্কামুক্ত” রয়েছেন।’
‘পরবর্তী চিকিৎসার জন্য রোববার বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড সভা বসছে। সেই সভা শেষে ফারুকীর চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া উপদেষ্টা বিষয়ে ‘নির্ভরযোগ্য সূত্র’ ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


