রাজধানীর সদরঘাট এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আলী আজগর সিকদার (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদরঘাট এলাকায় এক ব্যক্তিকে জাল নোটসহ সাধারণ জনগণ আটকে রেখেছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আলী আজগর সিকদারকে হেফাজতে নিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে জাল নোটের কারবারের সঙ্গে জড়িত। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ডিএমপি) এন এম নাসিরুদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


