রাজধানীর কামরাঙ্গীরচরে টিনশেড গ্যারেজের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জাওলাহাটি চৌরাস্তা সংলগ্ন হাজিরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন খুলনার ফুলতলা উপজেলার জুগনীপাশা গ্রামের মো. সাব্বির হোসেনের ছেলে। বর্তমানে তারা কামরাঙ্গীরচরের গাজীরঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে ইয়াসিন ছিল বড়। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
নিহতের বাবা সাব্বির হোসেন জানান, ইয়াসিন জাওলাহাটি চৌরাস্তায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করত। কাজের ফাঁকে মাঝেমধ্যে বাবার কর্মস্থলের পাশে একটি মাঠে খেলতে যেত সে। এদিন বিকালে ওই মাঠের পাশের একটি টিনশেড রিকশা গ্যারেজের সঙ্গে হাত লাগলে সে বিদ্যুতায়িত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোকানের ভেতর নিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৫টার দিকে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানাকে অবহিত করা হয়েছে।


