আগামী মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজন করা জনসভা সফল করতে দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা বাস্তবায়ন কমিটির এক সভা এই আহ্বান জানানো হয়। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ নভেম্বর বেলা ২টায় পল্টন মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির ও ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ইয়াছিন আরাফাত এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ অন্য নেতারা অংশ নেন।
সভায় জনসভা সফল করার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার জনসভা সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং ঢাকাবাসীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


