রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সোমবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে বিকাল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিনের বন্ধু মাহির আহমেদ জানায়, জাহিনের বাসা হাজারীবাগ এলাকায়। সে দুপুরে আজিমপুর সরকারি কোয়ার্টারে বন্ধু মাহিরের বাসায় বেড়াতে আসে। দুই বন্ধু মিলে কোয়ার্টারের ভেতরে ঘোরাঘুরির একপর্যায়ে পুকুর দেখে জাহিন সেখানে গোসল করতে চায়।
সে সাঁতার না জানায় মাহির তাকে পানিতে নামতে নিষেধ করেছিল। কিন্তু জাহিন তা না শুনে জোর করে পুকুরে নামার কিছুক্ষণ পরই পানিতে তলিয়ে যায়। পরে মাহিরের চিৎকারে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পুকুরের পানির নিচ থেকে জাহিনকে উদ্ধার করেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইনস্পেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানাকে জানানো হয়েছে।


